আজ (মঙ্গলবার, ৬ জুলাই) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আর কখনোই এতটা শক্তিশালী বা প্রভাবশালী ছিল না’। তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই সেনা নিয়োগ ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে এবং সেনাদের মনোবলও রেকর্ড উচ্চতায় রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমেরিকান স্বাধীনতার ২৫০ বছর উদ্যাপনের সময় আমাদের সেনাবাহিনীর অতুলনীয় ক্ষমতার পূর্ণ প্রদর্শনী হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘যুদ্ধ বিভাগ এর আগে এত সরগরম ছিল না।’
ট্রাম্প হাউস ও সিনেট নেতৃত্বের প্রতি ‘রিকনসিলিয়েশন ৩.০’ (রিকন ৩.০) পাসকে অগ্রাধিকার দিতে বলেছেন। প্রতিরক্ষা খাতে ৩৫০ বিলিয়ন ডলারের ব্যয় এবং প্রস্তাবিত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ও এই প্যাকেজের অন্তর্ভুক্ত।
তিনি বলেন, ‘আমি হাউস ও সিনেট নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি, এটিকে তাদের এক নম্বর অগ্রাধিকার হিসেবে নিন এবং কংগ্রেস অধিবেশনে ফেরার সঙ্গে সঙ্গেই যেন রিকন ৩.০-এর ৩৫০ বিলিয়ন ডলার বাজেট কমিটি থেকে ছাড় পায়, তা নিশ্চিত করুন।’
ট্রাম্প আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ তহবিলের সঙ্গে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ দ্রুত পাস করা হলে যুক্তরাষ্ট্র ‘আগামী প্রজন্মের জন্য মুক্ত থাকবে।’





