সুপার টাইফুনে লণ্ডভণ্ড প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, নিহত ১৫

সুপার টাইফুন
সুপার টাইফুন | ছবি: সংগৃহীত
0

বছরের অন্যতম শক্তিশালী ৫ মাত্রার ক্যাটাগরির সুপার টাইফুন বাভি’র আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। টাইফুনটি মূলত রোটা দ্বীপের ওপর দিয়ে বয়ে গেছে। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার। এদিকে, চীনের উত্তরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেসাকের প্রভাবে প্রবল বৃষ্টিতে প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন। দেশটির দক্ষিণাঞ্চল ও ভিয়েতনামে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এছাড়া, মৌসুমি ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। প্লাবিত হয়েছে মুম্বাই ও আশপাশের এলাকা।

সুপার টাইফুন বাভি’র আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের গুয়াম এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ রোটায় সোমবার আঘাত হেনেছে ৫ মাত্রার শক্তিশালী এই সুপার টাইফুন। যা চলতি বছরের অন্যতম শক্তিশালী টাইফুন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২৯০ কিলোমিটার। প্রচণ্ড বাতাস ও মুষলধারে বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রোটা দ্বীপে প্রবল বাতাসের উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ধসে পড়েছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বেশকিছু জায়গায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এছাড়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা থাকা গুয়াম দ্বীপেও প্রবলভাবে আঘাত হেনেছে টাইফুন বাভি। এর প্রভাবে দ্বীপটিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, সাইপান ও টিনিয়ান দ্বীপেও আঘাত হেনেছে টাইফুনটি। আজ (সোমবার, ৬ জুলাই) স্থানীয় সময় বিকেলের দিকে বাভি ঘণ্টায় ১০ থেকে ১৩ মাইল গতিতে পশ্চিম দিকে অগ্রসর হয়ে মারিয়ানা দ্বীপপুঞ্জ ছেড়ে যাবে।

এদিকে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেসাক গতকাল (রোববার, ৫ জুলাই) চীনের উত্তরে গুয়াংজি অঞ্চল ও প্রতিবেশী ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশে আঘাত হেনেছে। এরপর সেটি দক্ষিণ চীনের দিকে অগ্রসর হয়। এর প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। গাছ পড়ে ও পানিতে ডুবে তারা মারা গেছেন।

আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে এসব এলাকায় ১৩ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি বাসিন্দাকে।

পশ্চিম ও মধ্য ভারতের বেশ কয়েকটি অংশে মৌসুমি ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। প্লাবিত হয়েছে সড়ক, মহাসড়ক, রেলপথ ও বিভিন্ন স্থাপনা। রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই ও এর আশপাশের এলাকা। রেড অ্যালার্ট জারি রয়েছে শহরটিতে। বন্ধ পুণে-মুম্বাই এক্সপ্রেসওয়ে। এছাড়া, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রবল বৃষ্টি ও ঝড়ে গাছ উপড়ে ও ভবন ধসে মারা গেছে বেশ কয়েকজন।

জেআর