জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস জানান, ফোনালাপে জেলেনস্কি রাজধানী কিয়েভ ও সুমি অঞ্চলে সাম্প্রতিক রুশ বিমান হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে চ্যান্সেলরকে অবহিত করেন।
কর্নেলিয়াস বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি চ্যান্সেলরকে কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য এলাকায় সাম্প্রতিক রুশ হামলার পরিণতি সম্পর্কে জানিয়েছেন। বিশেষ করে বিমান প্রতিরক্ষায় সহায়তার জন্য জার্মানিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।’ মের্ৎস আবারও নিশ্চিত করেছেন, ‘ইউক্রেন জার্মানির অব্যাহত সমর্থনের ওপর নির্ভর করতে পারে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি ইউক্রেনের অন্যতম প্রধান সামরিক মিত্র হিসেবে দেশটিকে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়ে আসছে। এছাড়া মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাতেও যোগ দিয়েছে বার্লিন।





