ভূমিকম্পের এক সপ্তাহ পরও চলছে জীবিতদের সন্ধান; ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক

ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মাঝে ক্ষতিগ্রস্ত দেয়ালে আঁকা ভেনেজুয়েলার জাতীয় পতাকা
ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মাঝে ক্ষতিগ্রস্ত দেয়ালে আঁকা ভেনেজুয়েলার জাতীয় পতাকা | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলায় ভূমিকম্পের এক সপ্তাহ পরও জীবিতদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। ভূমিকম্পে হতাহতদের স্মরণে ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এদিকে, অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা।

ভেনেজুয়েলার লা গুয়াইরা বন্দরে এভাবেই পড়ে আছে কফিনের স্তূপ। দিন যাচ্ছে আর দীর্ঘ হচ্ছে লাশের সারি। হাসপাতালগুলোর মর্গে জায়গা সংকুলান হচ্ছে না ভূমিকম্পে নিহতদের মরদেহ রাখার। তাই মরদেহ রাখার জন্য বন্দরেই বানানো হয়েছে একটি অস্থায়ী মর্গ। যেখানে নিয়ে আসা হচ্ছে একের পর এক মরদেহ।

গেল সপ্তাহের দেশটিতে হওয়া জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ২৩ শ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪০ হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে ৫৯ হাজারের বেশি ভবন।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় ভেনেজুয়েলায় ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। উদ্ধার অভিযানে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান তিনি। এখন পর্যন্ত ৩০টি দেশ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছে ভেনেজুয়েলা। এদিকে, উদ্ধার অভিযানের ধীরগতি এবং পর্যাপ্ত মানবিক চাহিদা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের।

সপ্তাহ পার হলেও, এখনো চলছে প্রাণের সন্ধান। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সাড়া মিলতেই উদ্ধারে ঝাপিয়ে পড়ছেন কর্মীরা। ক্যামেরাসহ বিভিন্ন উদ্ধারকারী সরঞ্জাম দিয়ে জীবিতদের অবস্থান শনাক্ত করছেন তারা। লা গুয়াইরা শহরের একটি শপিং মলের বেসমেন্টে আটকা পড়া এক গার্ডকে উদ্ধারের এগিয়ে আসেন উদ্ধারকর্মীরা। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় ২৯ ফুট মাটির নিচে আটকা পড়েছিলেন।

চোখের সামনে নিমিষেই ধুলোয় মিশে গেছে ঘরবাড়ি। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে হাজারো বাসিন্দা। তাদের জন্য একটি বেসবল স্টেডিয়ামে তৈরি করা হয়েছে আশ্রয়কেন্দ্র। জরাজীর্ণ এই আশ্রয়কেন্দ্রেই কাটছে আহত ও ক্ষতিগ্রস্তদের দিন।

ভেনেজুয়েলার আশ্রয়কেন্দ্রগুলো রূপ নিয়েছে যুদ্ধক্ষেত্রে। অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে এসব কেন্দ্রগুলোতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা। সংক্রামক রোগসহ দেশজুড়ে দেখা দিতে পারে স্বাস্থ্য সংকট। সরঞ্জাম সংকটে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছে না আহতদের অনেকে।

ভেনেজুয়েলায় ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রায় ৯০০ সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, ভূমিকম্পের এক সপ্তাহ পর ভেনেজুয়েলায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবেন তারা।

এএম