কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ ও ব্যয় সংকোচন; মাইক্রোসফটে ফের কর্মী ছাঁটাই

মাইক্রোসফট কার্যালয়ের সামনে
মাইক্রোসফট কার্যালয়ের সামনে | ছবি: সংগৃহীত
0

নিজেদের মোট কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ৫ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে এই বড় পদক্ষেপ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডার গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই ছাঁটাইয়ের ফলে মাইক্রোসফটের হাজার হাজার কর্মী তাদের কাজ হারাবেন। বিশেষ করে বিক্রয়, পরামর্শ এবং এক্সবক্স গেমিং বিভাগে এই প্রভাব সবচেয়ে বেশি পড়বে। প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুর দিকেই আনুষ্ঠানিকভাবে এই ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে মাইক্রোসফট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২৫ সালের জুনের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে মাইক্রোসফটের প্রায় ২ লাখ ২৮ হাজার পূর্ণকালীন কর্মী রয়েছেন। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটি তাদের ৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল, যা ছিল সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম বড় ছাঁটাই। গেমিং ইউনিট ‘এক্সবক্স’ নিয়ে প্রতিষ্ঠানটি নতুন করে ভাবছে; যার মধ্যে রয়েছে মার্কেটিং বাজেট কমানো এবং বিভাগটিকে আলাদা একটি সাবসিডিয়ারি হিসেবে পুনর্গঠন করা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্মী ছাঁটাইয়ের একটি নতুন ঢেউ দেখা যাচ্ছে। খরচ নিয়ন্ত্রণে রাখতে অ্যামাজন ১৬ হাজার এবং মেটা ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। মূলত এআই প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে প্রথাগত বিভাগগুলো থেকে বাজেট কমিয়ে গবেষণায় ব্যয় বাড়াচ্ছে এই কোম্পানিগুলো।

এএম