প্রাচীন ধ্বংসাবশেষে ইসরাইলি বোমাবর্ষণ; শতাব্দী প্রাচীন ইতিহাস হারানোর শঙ্কায় লেবানন

লেবাননের টাইর শহরে ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইউনেস্কো স্বীকৃত আল-বাস রোমান ধ্বংসাবশেষ
লেবাননের টাইর শহরে ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইউনেস্কো স্বীকৃত আল-বাস রোমান ধ্বংসাবশেষ | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ লেবাননে ইসরাইলের প্রায় চার মাসব্যাপী বিমান ও স্থল অভিযানে দেশটির অমূল্য ঐতিহাসিক ও প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের বন্দরনগরী টাইরের ইউনেস্কো স্বীকৃত প্রাচীন স্তম্ভ থেকে শুরু করে মামলুক আমলের বাজার ও শতাব্দী প্রাচীন সীমান্ত শহরগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লেবাননের সংস্কৃতি মন্ত্রী গাসান সালামে রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সালামে বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধবিরতি শুরু হলেও ইসরাইলি সেনারা এখনো লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এলাকা দখল করে রাখায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘দখলদারির ছায়ায় থেকে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়।’ এই দখলকৃত এলাকার মধ্যেই রয়েছে মধ্যযুগীয় বিউফোর্ট দুর্গ এবং শিয়া, সুন্নি ও খ্রিষ্টানদের পবিত্র বহু উপাসনালয়। কিছু গ্রামকে ইসরাইলি বাহিনী বুলডোজার দিয়ে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

প্যারালিম্পিক গেমসের মতো ঐতিহাসিক স্থাপনা টাইর ও নাবাতিয়েহ শহরেও বিমান হামলা চালানো হয়েছে। ৫ হাজার বছরের পুরোনো টাইরের রোমান ধ্বংসাবশেষের অবস্থা এখন ভয়াবহ। লেবাননের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা আদনান ইস্তানবুলি বলেন, প্রাচীন স্থাপনাগুলো দেখে মনে হচ্ছে নিচ থেকে কোনো বিস্ফোরণ ঘটেছে বা বড় ধরনের ভূমিকম্প হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী রয়টার্সের এক প্রশ্নের জবাবে দাবি করেছে, তারা বেসামরিক অবকাঠামোর অতিরিক্ত ক্ষতি করতে চায় না এবং কেবল সামরিক প্রয়োজনেই হামলা চালায়। তারা হিজবুল্লাহর বিরুদ্ধে বিউফোর্ট দুর্গের মতো জায়গায় অস্ত্র রাখার অভিযোগ তুললেও লেবানন কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

ইউনেস্কো ইতিমধ্যে টাইর শহরের সংরক্ষণের অবস্থা এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন দুর্গে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্কৃতি মন্ত্রী সালামে ইউনেস্কোকে টাইর শহরকে ‘ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছেন। তিনি আশঙ্কা করছেন, ইসরাইলের এই পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ লেবাননের শতাব্দী প্রাচীন ইতিহাসকে চিরতরে মুছে ফেলতে পারে।

এএম