ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের এক বিশেষজ্ঞ সংলাপে রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে ট্রফিমভ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সবাই একটি বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গঠনের সাক্ষী হচ্ছি। এই প্রেক্ষাপটে যারা আগে বিশ্বকে শাসন করতো, তারা তাদের সুবিধাগুলো হারাচ্ছে। ফলে তারা সেই আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এবং অন্য দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’
রুশ এই কূটনীতিকের মতে, পশ্চিমা দেশগুলো তাদের উদ্দেশ্য হাসিলের জন্য উসকানি ও সংঘাতের বিস্তারসহ বিভিন্ন ধরনের বলপ্রয়োগের হাতিয়ার ব্যবহার করছে। তিনি আরও বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তিত হচ্ছে এবং বিশ্ব অর্থনীতি নতুনভাবে বিন্যস্ত হচ্ছে। উন্নয়নের সম্ভাবনা এখন ইউরো-অ্যাটলান্টিক অঞ্চল থেকে ইউরেশিয়া অঞ্চলের দিকে সরে আসছে।’
ট্রফিমভ জানান, অর্থনৈতিক শক্তি এখন স্থানান্তরিত হচ্ছে এবং পশ্চিমা বিশ্বের বাইরে প্রভাব বিস্তারের নতুন নতুন কেন্দ্র গড়ে উঠছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার প্রবণতা আগের চেয়ে অনেক রাষ্ট্রেই বেড়েছে। ইউরেশীয় মহাদেশের পাশাপাশি লাতিন আমেরিকা ও আফ্রিকাতেও এই সংহতি ও উন্নয়ন প্রক্রিয়া জোরালো হচ্ছে, যেখানে ওই অঞ্চলের দেশ ও মানুষই প্রধান ভূমিকা পালন করছে।
তার মতে, বিশ্বব্যবস্থার এই পরিবর্তন বস্তুনিষ্ঠ কারণেই ঘটছে। একে প্রতিহত করার চেষ্টা করা হলেও নতুন এই বাস্তবতায় রূপান্তরের প্রক্রিয়াটি ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়ে গেছে।





