গতকাল (শনিবার, ১৩ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় হরমুজ প্রণালির সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্ব পায়। রুবিও জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মার্কিন বাহিনীর নির্দেশ মেনে চলতে হবে। তিনি স্পষ্ট করে দেন যে মার্কিন অবরোধ অমান্য করে ইরানি তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।
এর আগে গত শুক্রবার জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান যে তিনি রুবিওর কাছে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছেন। ওই হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জয়শঙ্কর বলেন, ‘বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নয়াদিল্লি এই ঘটনার প্রতিবাদ জানাতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতের শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে তারা গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমটি জলবীর’ এবং পালাউয়ের পতাকাবাহী ‘এমটি মারিভেক্স’ ও ‘এমটি সেত্তেবেলো’ নামের তিনটি ট্যাঙ্কার অকার্যকর করে দিয়েছে। জাহাজগুলো ইরানের তেল পরিবহনের চেষ্টা করছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



