ট্রাম্পের ভুল কৌশল চরম বিপর্যয় ডেকে আনবে; হুঁশিয়ারি গালিবাফের

মোহাম্মদ বাঘের গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ | ছবি: সংগৃহীত
0

ইরানের প্রধান জ্বালানি অবকাঠামো ও তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের ‘ভুল কৌশল’ ও ‘আবেগী সিদ্ধান্ত’ বিশ্ব পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র এক অন্তহীন চোরাবালিতে আটকে পড়বে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘ভুল কৌশল এবং হঠকারী সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। এর ফলে জ্বালানি অবকাঠামো ও বাজার ধ্বংস হবে এবং এমন এক অন্তহীন চোরাবালির সৃষ্টি হবে যেখানে আপনারা বছরের পর বছর আটকে থাকবেন।’

ট্রাম্পের হুমকির প্রতি ইঙ্গিত করে ইরানি স্পিকার আরও বলেন, ‘আপনারা এবার এক ভিন্ন ইরান দেখতে পাবেন।’ এর আগে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে খার্গ দ্বীপ দখলের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এই দ্বীপের নিয়ন্ত্রণ নেবে এবং ভেনেজুয়েলার মতো ইরানের তেল-গ্যাস বাজারের ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করবে।

ট্রাম্পের এমন বক্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, গালিবাফের এই মন্তব্য মূলত ইরানজুড়ে মার্কিন হামলার হুমকির বিপরীতে তেহরানের অনড় অবস্থানেরই প্রতিফলন।

এএম