আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ব্রাসেলসে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোরের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্ক রুটে বলেন, ‘যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপে মার্কিন সেনা মোতায়েন এবং ন্যাটোর নেতৃত্বে তাদের সক্রিয় অংশগ্রহণই এর প্রমাণ। আমরা প্রতিদিন জোটের প্রতিটি ক্ষেত্রে এই অঙ্গীকারের প্রতিফলন দেখতে পাই।’ নরওয়েসহ নর্ডিক দেশগুলো বিপদের সময় ন্যাটোর ওপর ভরসা রাখতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এই নিশ্চয়তা দেন।
ন্যাটো প্রধান আরও বলেন, ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক ও হাই নর্থ অঞ্চলে নরওয়ের নেতৃত্ব জোটের শক্তির জন্য অত্যন্ত জরুরি।’ অন্যদিকে, নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোর ন্যাটোর সক্ষমতা বাড়াতে মিত্র দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এখন সব নর্ডিক দেশই ন্যাটোর কমান্ড কাঠামোর অন্তর্ভুক্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে মার্ক রুটে এবং স্টোর উভয়ই ইউরোপের ক্রমবর্ধমান প্রতিরক্ষা দায়িত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর আগে নরওয়ের প্রধানমন্ত্রী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিনের সাথেও সাক্ষাৎ করেন।





