জর্ডান সীমান্তে ৫টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত; আকাশসীমা রক্ষায় কঠোর আম্মান

আকাশসীমায় টহল
আকাশসীমায় টহল | ছবি: সংগৃহীত
0

ইরান থেকে ছোড়া অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। আজ (বুধবার, ১০ জুন) জর্ডান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আশ-শারক আল-আওসাত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আম্মান থেকে ১০০ কিলোমিটার পূর্বে আজরাক শহরে অবস্থিত একটি মার্কিন ‘কমান্ড সেন্টারে’ এই হামলা চালিয়েছে। আজরাক শহরে জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমানঘাঁটি অবস্থিত। যদিও জর্ডান সরকার দাবি করে আসছে যে, তাদের দেশে কোনো বিদেশি সামরিক ঘাঁটি নেই, তবে অতীতে এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিমান ক্রু-দের কার্যক্রম পরিচালনার রেকর্ড রয়েছে।

জর্ডান সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আজরাকের দিকে আসা ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছি। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনশূন্য এলাকায় পড়লেও এতে কোনো হতাহত বা জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ‘কোনো পক্ষকেই জর্ডানের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ দেয়া হবে না’। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার মাঝে জর্ডান তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে নিজেদের আকাশসীমা ব্যবহারের বিষয়ে সব পক্ষকেই আগে থেকে সতর্ক করে দিয়েছিল।

এএম