ওবামার চুক্তিকে ‘সবচেয়ে বাজে’ বললেন ট্রাম্প, নিজেরটা নিয়ে বড় দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগ্রহীত
0

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তিকে (জেসিপিওএ) যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ‘বাজে চুক্তি’ বলে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে তেহরানের সঙ্গে তার প্রশাসন যে চুক্তিটি নিয়ে আলোচনা করছে, তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘ওবামা আমলের চুক্তিটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথকে সরাসরি সুগম করে দিয়েছিল। কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের যে আলোচনা চলছে, তা মোটেও তেমন নয়—বরং এটি হবে তার সম্পূর্ণ বিপরীত!’

২০১৫ সালের ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ বা জেসিপিওএ চুক্তি অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর থেকে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। তবে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৮ সালে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের আপত্তি অগ্রাহ্য করে একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন।

আরও পড়ুন:

মূলত ইসরাইলের চাপ এবং কূটনৈতিক অনাগ্রহের কারণেই ট্রাম্প তখন চুক্তিটি বাতিল করেছিলেন, যার ফলে ইরানও পরবর্তীতে তাদের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুগুণ বাড়িয়ে দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দেয়ার পর, ট্রাম্প এখন আবার সেই ২০১৫ সালের জেসিপিওএ চুক্তির আদলেই একটি নতুন চুক্তির পেছনে ছুটছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের চুক্তিতে ওয়াশিংটনকে হয়তো আগের চেয়েও কঠিন ও প্রতিকূল শর্তের মুখোমুখি হতে হতে পারে।

এএম