নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিকের মৃত্যু

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের লক্ষনপুর এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও সকাল থেকে শ্রমিকেরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

বিস্ফোরণের পর বয়লারে ড্রামটি প্রায় দেড়শ ফুটে ছিটকে পড়ে। এতে ভয়ে শপ্রমিকরা চারদিকে ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেক পড়ে আছে। তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী পাশের চালকলের শ্রমিক মনোয়ার বলেন, ‘ওই চালকলে ৬ জন নারী ও ৬ জন পুরুষ শ্রমিক কাজ করে। প্রতিদিনের মতো সকাল থেকে তারা চাতালে কাজ করছিল। আজ ধান সিদ্ধের কাজ করা হচ্ছিল। চুলায় জ্বাল দেয়ার কাজ করছিলে আব্দুল খালেক। আর অন্য শ্রমিকরা চাতালে ধান আনা নেয়ার কাজ করছিল।

‘হঠাৎ করেই বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হলে চারদিকে অন্ধকার হয়ে যায়। অন্ধকার সরে গেলে চাতালে গিয়ে দেখি আব্দুল খালেক পড়ে আছে। তার কান ও নাক দিয়ে রক্ত ঝরছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, ‘চালকলের বয়লারে বিস্ফোরণ এক শপ্রমিক মারা গেছে। তবে কোন আহতের ঘটনা নেই। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

জেআর