২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক সফর করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। গত ৯ মে তার এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন লেবানন ও সিরিয়া উভয় দেশই ইসরাইলি হামলা ও ভূখণ্ড দখলের কবলে পিষ্ট হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, এই সফর দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের এক ‘নতুন কাঠামোর’ ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে লেবাননের ওপর সিরিয়ার যে রাজনৈতিক ও নিরাপত্তা প্রভাব ছিল এবং সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদ সরকারকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দেয়া সামরিক সহায়তা এই সব কিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক ছিল অত্যন্ত জটিল।
তবে আসাদ সরকারের পতনের পর সেই পুরনো সমীকরণ বদলে গিয়ে এখন এক নতুন মাত্রার অংশীদারত্ব তৈরি হচ্ছে।