সাউন্ড গ্রেনেডের শব্দে কাঁপছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ। কাঁদানে গ্যাসে ঝাপসা হয়ে আসছে সেখানকার রাজপথ।
গেলো দুই সপ্তাহ ধরেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে দেশটির প্রেসিডেন্ট রুদ্রিগো পাজকে ক্ষমতা থেকে নামাতেই সাধারণ মানুষের এ বিক্ষোভ। সোমবার প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করতে গেলে নতুন করে শুরু হয় দাঙা।
বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘প্রেসিডেন্টকে ক্ষমতায় বসিয়েছি আমরা। তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না। তার উচিত পদত্যাগ করা। তা না করে আমাদের পুলিশের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন।’
আরও পড়ুন:
বিক্ষোভে অংশ নেয় শ্রমিক, কৃষক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি এবং ডলারের ঘাটতিতে দেশের অর্থনীতি ভয়াবহ চাপে পড়েছে। খনি শ্রমিকরা বিস্ফোরক ও জ্বালানির সহজলভ্যতা এবং খনি নীতিমালার পরিবর্তনের দাবিও জানান।
আন্দোলনকারীদের হটাতে অ্যাকশনে যায় পুলিশ। ছোঁড়ে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি। একপর্যায়ে পুলিশের দিকে তেড়ে আসে বিক্ষোভকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। তৈরি হয় রণক্ষেত্র।
সরকারের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা এই আন্দোলনের অর্থায়ন করছেন। দেশটির চলমান এ অস্থিরতার জেরে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। জ্বালানি, খাদ্য ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পরিবহন ব্যহত হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ।





