ইতালিতে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে হামলা, সাইপ্রাস সফর বাতিল করলেন মেলোনি

উত্তর ইতালির মোডেনায় পথচারীদের মধ্যে ঢুকে যাওয়া সেই গাড়ি
উত্তর ইতালির মোডেনায় পথচারীদের মধ্যে ঢুকে যাওয়া সেই গাড়ি | ছবি: সংগ্রহীত
0

ইতালির মোদেনা শহরে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পর আজ রবিবার শহরটি পরিদর্শনে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই সফরের জন্য তিনি সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে নিকোসিয়ায় নির্ধারিত বৈঠক বাতিল করেছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলাও আজ উত্তরাঞ্চলীয় এই শহরটিতে যাবেন বলে জানানো হয়েছে। গতকাল শনিবার উত্তর আফ্রিকার বংশোদ্ভূত ৩০ বছর বয়সী এক ইতালীয় যুবক শহরের কেন্দ্রস্থলে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেন। এতে আটজন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারী যুবক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে থামানোর চেষ্টা করেন তিন পথচারী। ওই সময় এক পথচারীকে ছুরিকাঘাত করেন তিনি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মোদেনার প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে ‘গণহত্যা’ ও মারাত্মক জখম করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তারা বলেন, ১ লাখ ৮০ হাজার বাসিন্দার এই জনবহুল শহরের কেন্দ্রস্থলে ওই যুবক ‘নির্বিচারে ও পরিকল্পিতভাবে’ পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন।

মোদেনার মেয়র মাসিমো মেজেত্তি জানিয়েছেন, ওই ব্যক্তি ২০২২ সালে মানসিক রোগের চিকিৎসা নিয়েছিলেন। তার ‘সিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার’ ছিল, তবে চিকিৎসার পর থেকে তিনি কর্তৃপক্ষের নজরদারির বাইরে চলে যান। গুরুতর আহতদের মধ্যে দুই ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এএম