রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাউল কাস্ত্রো
রাউল কাস্ত্রো | ছবি: সংগৃহীত
0

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, একটি গ্র্যান্ড জুরির অনুমোদন সাপেক্ষে এই পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও কিউবা বিপ্লবের পর দ্বিতীয়বারের মতো হাভানায় বৈঠক করেছেন সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ। কিউবার প্রেসিডেন্ট দিয়াজ-কানেল জানিয়েছেন, হাভানা ওয়াশিংটনের ১০০ মিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাব গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

কিউবার ৯৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি এবং ফিদেলের ভাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবার বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোর ভূমিকা নিয়ে এই সম্ভাব্য অভিযোগপত্র তৈরি করা হচ্ছে। মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, গ্র্যান্ড জুরির অনুমোদন সাপেক্ষে এই পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের পর দ্বিতীয়বারের মতো সিআইএ পরিচালক জন র‍্যাডক্লিফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ১৪ মে হাভানায় একটি বৈঠক করে। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম কিউবা ডিবেট এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করে। বৈঠকটি দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের যোগাযোগের এক বিরল মুহূর্ত।

এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন কিউবার ওপর মার্কিন জ্বালানি অবরোধকে কেন্দ্র করে দ্বীপরাষ্ট্রটির জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে।

আরেকদিকে, প্রথমবারের মতো পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির মাধ্যমে কিউবাকে ১০ কোটি ডলার সহায়তার প্রস্তাব প্রকাশ্যে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে নগদ এই সাহায্য কিউবার কোন খাতে বরাদ্দ করা হবে তা জানানো হয়নি।

কিউবার রাষ্ট্রপতি মিগেল দিয়াজ-কানেল ১৪ মে এক এক্স-এ একটি পোস্টে জানান, তার দেশ যুক্তরাষ্ট্রের ১০ কোটি ডলারের সহায়তা প্রস্তাব পর্যালোচনা করতে আগ্রহী।

ইএ