ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। কোথাও বিদ্যুতের খুঁটি, গাছ, বিলবোর্ড উপড়ে পড়েছে। কিংবা কোথাও বা বাড়ি দেয়াল ধসে পড়েছে। বুধবারের ভয়াবহ ঝড়ের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়েছে রাজ্যটি। হতাহত অনেকেই।
বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর জানায়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত একশর কাছাকাছি মানুষ। এছাড়া রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, ঝড়ে আহত হয়েছেন ৫৩ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।
আরও পড়ুন:
এদিকে, শুধুমাত্র ভারোহি জেলাতেই ধূলিঝড়ে প্রাণহানি হয়েছে অন্তত ১৬ জনের। পাশাপাশি ফতেহপুরে বৃষ্টিপাতজনিত কারণে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়।
এরিমধ্যে আরেক ত্রাণ কর্মকর্তা জানায়, গাছ পড়ে যাওয়া এবং বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে বেশ কিছু মৃত্যু হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের যেকোনো ধরণের সাহায্য ও আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।





