সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, ব্রাজিলের থিয়াগো আভিলা এবং স্পেনের সাইফ আবু কেশেককে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের জন্য স্থানান্তর করা হবে’। তবে দেশটিতে নিযুক্ত নিজ নিজ দেশের কনস্যুলার প্রতিনিধিদের সঙ্গে তাদের দেখা করার সুযোগ দেয়া হবে বলেও জানানো হয়েছে।
গত সোমবার ইতালি থেকে ‘গ্লোবাল সুমুদ’ নামক এই ত্রাণবহরটি গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। গত বুধবার সন্ধ্যায় ক্রেট দ্বীপপুঞ্জের কাছে ২২টি জাহাজ নিয়ে গঠিত এই বহরটি আটকে দেয় ইসরাইলি বাহিনী। বহরটিতে প্রায় ১৭৫ জন সক্রিয়কর্মী ছিলেন, যাদের মধ্যে এই দুজনকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। ত্রাণবহরের আয়োজকেরা এই দুই কর্মীকে আটকে রাখাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাদের অবিলম্বে মুক্তির জন্য আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইসরাইলি বাহিনীর হাতে দুই দিন বন্দি থাকার পর ছাড়া পাওয়া তিন অস্ট্রেলীয় সক্রিয়কর্মী ইথান ফ্লয়েড, নেভ ও'কনর এবং জ্যাক স্কোফিল্ড গ্রিসের ক্রেট দ্বীপে অনশন শুরু করেছেন। তারা অভিযোগ করেছেন, ইসরাইলি জাহাজে বন্দি থাকাকালে তাদের ওপর অমানবিক আচরণ ও নির্যাতন চালানো হয়েছে।





