‘ইরানে হামলাকারীদের সহায়তাকারীদেরও ছাড় দেয়া হবে না’

আমির সাঈদ ইরাভানি
আমির সাঈদ ইরাভানি | ছবি: সংগৃহীত
0

নিজেদের ভূখণ্ডে হামলায় সহায়তাকারী দেশগুলোকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি আঞ্চলিক উত্তেজনা নিয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে পাঠানো ছয়টি আরব রাষ্ট্রের যৌথ চিঠির জবাবে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানান। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দেশগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইরানি দূত বলেন, ‘ওই দেশগুলো তাদের মাটিতে থাকা সামরিক ঘাঁটিগুলো ‘‘মার্কিন-ইসরাইলি শত্রু’’দের ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে। এসব ঘাঁটি থেকেই ইরানের ওপর বিমান হামলা চালানো হয়েছে।’

নিজেদের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে এই কূটনীতিক দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে। ইরাভানি বলেন, ‘আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদে বর্ণিত আত্মরক্ষার বৈধ অধিকার ব্যবহার করেই ইরান পাল্টা ব্যবস্থা নিয়েছে।’

ইরানি ভূখণ্ডে হামলায় উসকানি বা সহায়তা দানকারী যেকোনো দেশকে আন্তর্জাতিক জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করেন ইরাভানি। তিনি আরও বলেন, ‘যেসব দেশ এই আগ্রাসনে সরাসরি অংশ নিয়েছে অথবা ইরানের ওপর হামলার জন্য নিজেদের ঘাঁটি, আকাশসীমা, জলসীমা কিংবা মাটি ব্যবহারের অনুমতি দিয়েছে, তারা সমানভাবে দায়ী এবং তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

বর্তমান সংঘাতের জন্য তেহরান দায়ী নয় উল্লেখ করে এবং নিজেদের সামরিক অবস্থানকে কেবল ‘প্রতিক্রিয়ামূলক’ হিসেবে দাবি করে স্থায়ী প্রতিনিধি বলেন, ‘ইরান এই সংঘাত বা যুদ্ধের সূচনাকারী নয়।’

এএম