আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে যে, শনিবার রাতে অনুষ্ঠান চলাকালে অস্ত্রসহ বলরুমের দিকে তেড়ে যাওয়ার সময় আটক হওয়া ব্যক্তিই হলেন কোল অ্যালেন। তিনি লস অ্যাঞ্জেলেসের শহরতলি টরেন্সের বাসিন্দা।
সেরা শিক্ষকের স্বীকৃতি
পেশাদারদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন প্রোফাইল অনুযায়ী, কোল অ্যালেন ‘সি২ এডুকেশন’ নামে একটি টিউটরিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ডিসেম্বরে তাকে ‘সেরা শিক্ষক’ (টিচার অব দ্য মান্থ) হিসেবেও স্বীকৃতি দিয়েছিল।
মেধাবী ছাত্র ও উদ্ভাবক
শিক্ষাগত জীবনে কোল অ্যালেন অত্যন্ত মেধাবী ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তিনি ২০১৭ সালে বিখ্যাত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ক্যালটেকে পড়ার সময় হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেক তৈরি করে তিনি স্থানীয় সংবাদমাধ্যমের নজর কেড়েছিলেন।
রাজনীতি ও গেম ডেভেলপমেন্ট
ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার তহবিলে ২৫ ডলার দান করেছিলেন কোল অ্যালেন। এ ছাড়া তিনি একজন স্বাধীন ভিডিও গেম ডেভেলপার। ‘স্টিম’ গেমিং প্ল্যাটফর্মে তার তৈরি ‘বোরডম’ নামে একটি গেম রয়েছে। তিনি ‘ফার্স্ট ল’ নামে দ্বিতীয় একটি গেম তৈরির কাজ করছিলেন বলেও তার প্রোফাইলে উল্লেখ করেছেন।
একাধিক মরণাস্ত্র নিয়ে এমন উচ্চশিক্ষিত এক ব্যক্তির নজিরবিহীন এই হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে ঠিক কী কারণে তিনি এই নাশকতার পথ বেছে নিয়েছিলেন।





