শান্তিরক্ষীদের ওপর হামলায় জড়িত নয় হিজবুল্লাহ

দক্ষিণ লেবানন
দক্ষিণ লেবানন | ছবি: সংগৃহীত
0

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর প্রাণঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। ওই হামলায় এক ফরাসি শান্তিরক্ষী নিহত এবং তিনজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শান্তিরক্ষী মিশন ইউনিফিল জানিয়েছিল, একটি টহল দলের ওপর ‘নন-স্টেট অ্যাক্টর’ বা সশস্ত্র গোষ্ঠীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিহত শান্তিরক্ষীর নাম ফ্লোরিয়ান মন্টোরিও বলে নিশ্চিত করেন এবং এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেন।

তবে হিজবুল্লাহর মালিকানাধীন টেলিভিশন চ্যানেল ‘আল-মানার’-এ প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়, ‘ইউনিফিল বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় হিজবুল্লাহ কোনোভাবেই জড়িত নয়। কাউকে দায়ী করার বা বিচার করার আগে সবার সতর্ক হওয়া উচিত।’

আরও পড়ুন:

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি আরও বলেছে, ‘আমরা এমন সব অবস্থান দেখে অবাক হচ্ছি যারা কোনো প্রমাণ ছাড়াই দ্রুত আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। অথচ যখন ইসরাইলি শত্রু বাহিনী ইউনিফিল সেনাদের ওপর আক্রমণ করে, তখন এই পক্ষগুলোই একদম নীরব থাকে এবং কোনো কথা বলে না।’

উল্লেখ্য, দক্ষিণ লেবাননের গান্দুরিয়েহ গ্রামে বিস্ফোরক অপসারণের সময় শান্তিরক্ষীদের ওপর এই হামলা চালানো হয়। ফ্রান্স এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেপ্তারের দাবি তুললেও হিজবুল্লাহর এই অস্বীকার পরিস্থিতিকে আরও ধোঁয়াশাপূর্ণ করে তুললো।

এএম