আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো যুদ্ধবিরতিকে অবশ্যই লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সকল সংঘাত এলাকাকে অন্তর্ভুক্ত করতে হবে।’
তিনি একে ইরানের জন্য একটি ‘রেড লাইন’ বা অবিসংবাদিত শর্ত হিসেবে অভিহিত করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। সংঘাতের এ চক্রটি এখানেই চিরতরে শেষ হওয়া উচিত।’
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, ‘এ জলপথটি ঐতিহাসিকভাবেই উন্মুক্ত রয়েছে। এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত হলেও দীর্ঘকাল ধরে তা সবার জন্য প্রবেশযোগ্য।’
তিনি এ অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে দায়ী করেন। খাতিবজাদেহ বলেন, ‘তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।’





