ইরান যুদ্ধে উভয়ের ‘বিজয়’ দাবি; ট্রাম্পের পিছু হটা নিয়ে সমালোচনা

ট্রাম্প ও মুজতবা খামেনি
ট্রাম্প ও মুজতবা খামেনি | ছবি: এখন টিভি
0

ইরান যুদ্ধে উভয়ই বিজয়ের দাবি ওয়াশিংটন ও তেহরানের। তবে চড়া মূল্য দিয়ে ট্রাম্প যুদ্ধে পিছু হটেছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। রাশিয়া বলছে, এ যুদ্ধে শোচনীয় পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইলের। নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলেও কটাক্ষ করেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

এ যেন শেষ হয়েও হলো না শেষ। ৩৯ দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র- ইরান- ইসরাইল যুদ্ধ বন্ধে রাজি হলেও এর জয়- পরাজয় নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ইরানে ২ সপ্তাহের হামলা স্থগিতের সিদ্ধান্তের পর ট্রাম্প দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। পাশাপাশি ট্রুথ সোশ্যাল বার্তায় দিনটিকে বিশ্ব শান্তির জন্য বড় একটি দিন বলেও জানান প্রেসিডেন্ট। এছাড়াও, যুদ্ধের কারণে হরমুজে আটকে থাকা জাহাজের জট নিরসনে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, যুদ্ধে বিজয় অর্জনের দাবি করেন।

তবে যুদ্ধের ফলাফল নিয়ে পৃথক বার্তা দিচ্ছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দাবি, যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের ঐতিহাসিক বিজয় অর্জন হয়েছে। এছাড়াও কাউন্সিল বলছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই ইরানের দেয়া ১০ দফা দাবি মেনে নিয়েছে ওয়াশিংটন।

তবে যুদ্ধে বিজয় অর্জন নিয়ে ট্রাম্প গর্বকে চূর্ণ করেছেন খোদ মার্কিন সিনেটর চাক শুমার। প্রেসিডেন্টকে কটাক্ষ করে ডেমোক্রেট আইন প্রণেতা জানান, যুদ্ধে পিছু হটেছেন ট্রাম্প। আর যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি শান্তি বয়ে আনবে বলে শঙ্কা জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের ডিরেক্টর ড. জেসিকা জেনাওয়ার।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি ইন্সটিটিউটের ডিরেক্টর ড. জেসিকা জেনাওয়ার বলেন, হ্যাঁ, যুদ্ধবিরতি সাময়িক উত্তেজনা কমাতে ইতিবাচক হলেও, এর মাধ্যমে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়ে আমি সন্দিহান। কেননা মধ্যপ্রাচ্যে এখনও মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে অনেক মতপার্থক্যও রয়েছে।

জেসিকার অভিমত, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরানে হামলা চালিয়ে মোজতবা খামেনির পতন ঘটানো সম্ভব নয়। একারণে যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ওয়াশিংটন।

ড. জেসিকা জেনাওয়ার বলেন, কিছু দিন ধরেই ট্রাম্প ইরান যুদ্ধ থেকে সরে আসার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তবে প্রেসিডেন্ট ঘটনাটিকে এমনভাবে ফ্রেমিং করেছেন যাতে মনে হবে যুদ্ধে জয়ী যুক্তরাষ্ট্র।

এদিকে, যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ইসরাইলের প্রধানমন্ত্রী ব্যর্থ দাবি করে লাপিদের মন্তব্য, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরাইলের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়।

ইএ