ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ‘বিশ্বের কোথাও নিরাপদ নন’: ইরানের হুঁশিয়ারি

তেহরানে মার্কিন ও ইসরাইল বিরোধী সমাবেশে অংশ নেয়া মানুষরা
তেহরানে মার্কিন ও ইসরাইল বিরোধী সমাবেশে অংশ নেয়া মানুষরা | ছবি: সংগৃহীত
2

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জন্য বিশ্বের আর কোথাও নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির শীর্ষ সামরিক মুখপাত্র জানিয়েছেন, তেহরানের শত্রুদের জন্য এখন থেকে পার্ক, বিনোদন কেন্দ্র কিম্বা পর্যটন গন্তব্যগুলো সবই অনিরাপদ হয়ে উঠবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আবুলফজল শেখরচি এ হুমকি দেন। তিনি সরাসরি শত্রু পক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের কাছে আপনাদের সম্পর্কে যেসব তথ্য রয়েছে, তার ভিত্তিতে এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্তের পার্ক, বিনোদন কেন্দ্র এমনকি পর্যটন কেন্দ্রগুলোও আপনাদের জন্য আর নিরাপদ থাকবে না।’

আরও পড়ুন:

জেনারেল শেখরচির এ বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, ইরান তাদের প্রতিপক্ষ কর্মকর্তাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। এ বিবৃতির পর বিশ্বজুড়ে ইসরাইলি এবং মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কয়েক দফার হামলা ও উত্তেজনার রেশ ধরেই ইরানের পক্ষ থেকে এ বৈশ্বিক হুমকির বিষয়টি সামনে এলো। বিশ্লেষকদের মতে, ইরান এখন প্রথাগত যুদ্ধের বাইরে গিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ‘টার্গেটেড’ বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল গ্রহণ করতে পারে।

এএম