Recent event

বার্মিংহামে পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘটে সড়কে আবর্জনা স্তুপ, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা

বার্মিংহামে পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘটে সড়কে স্তুপে আবর্জনা, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা
বার্মিংহামে পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘটে সড়কে স্তুপে আবর্জনা, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা | এখন
1

যুক্তরাজ্যের বার্মিংহামে প্রায় ৮ সপ্তাহ ধরে পরিচ্ছন্ন কর্মীদের চলমান ধর্মঘটে ফুটপাতে জমেছে হাজার হাজার টন আবর্জনা। বর্জ্যপচা দুর্গন্ধ এবং মশা, মাছি, ইঁদুরের উপদ্রবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা। এ অবস্থায় আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান ভুক্তভোগীদের।

ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের প্রায় প্রতিটি সড়ক। রাস্তা ও ফুটপাতে স্তূপাকারে জমা টনকে টন বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

প্রায় ৮ সপ্তাহ ধরে বাসা-বাড়ি থেকে বর্জ্য নিয়ে না যাওয়ায় এমন বেহাল দশা বার্মিংহামের। এরইমধ্যে শুরু হয়েছে মশা, মাছি ও ইঁদুরের উপদ্রব। এর মধ্যে গরম আবহাওয়ায় দুশ্চিন্তা আর ভোগান্তির পাল্লা ভারি হচ্ছে নগরবাসীর। এতে স্বাস্থ্য ঝুঁকিতে নগরীর অন্তত ১২ লাখ বাসিন্দা।

বাসিন্দাদের একজন বলেন, ‘ইঁদুরের উপদ্রবও শুরু হচ্ছে। এতে অনেক মানুষ চিন্তিত। ইঁদুরের উপদ্রবে খুব শীঘ্রই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না।’

জানা গেছে, চাকরি থেকে ছাঁটাই ও বেতন ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে পরিচ্ছন্নতা কর্মীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে এমন বেহাল দশা বার্মিংহামের। বাসা-বাড়ির বর্জ্য অপসারণ না করায় রাস্তা-ফুটপাতে ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। তাই পরিস্থিতি বিবেচনায় তাদের দাবি মেনে নেয়ার আহ্বান ভুক্তভোগীদের।

ভুক্তভোগীদের একজন বলেন, ‘তারা বেতন পাওয়ার যোগ্য, এটা সহজ কাজ নয়। দেখুন আমরা তাদের কাজ করছি। বুঝতে পারছি এটা কতটা কঠিন। আমি চারটি বিন লাইনার উপরে তুলব, এটা সহজ নয়। অথচ তাদের সপ্তাহে সাত দিনই এটা করতে হবে, তাই না? তাদের দাবি যৌক্তিক।’

ধর্মঘটরত শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বার্মিংহাম সিটি কাউন্সিল। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বার্মিংহাম কর্তৃপক্ষ। তবে এখনও সফলতার মুখ দেখেনি আলোচনা।

মূলত, ২০২৩ সালের শেষ দিকে যুক্তরাজ্যের লেবার পার্টির পরিচালিত বার্মিংহাম সিটি কাউন্সিল দেউলিয়া ঘোষিত হয়। এরপর স্থানীয় ব্যয় হ্রাস করতে বাধ্য হয় বার্মিংহাম সিটি কাউন্সিল। সেই থেকে শুরু হওয়া সংকট এখন চরম আকার করেছে।

সেজু