বিদ্যুৎ বিভ্রাটের সময় কম্পিউটারের সংযোগ কেন বিচ্ছিন্ন রাখা জরুরি

প্রতীকী
প্রতীকী | ছবি: সংগৃহীত
0

লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট যাই বলা হোক না কেনো স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার বা বাসার বৈদ্যুতিক যন্ত্রের সুরক্ষা নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে। আর বিদ্যুৎ বিভ্রাট কোনো পূর্ব সংকেত দিয়ে আসে না। আর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বেশিরভাগ মানুষের নজর থাকে টর্চ বা লাইট খোঁজার দিকে; ইলেকট্রনিক্স ডিভাইসের নিরাপত্তার বিষয়টি তখন চিন্তাতেই থাকে না। অথচ বিদ্যুৎ চলে যাওয়ার পর আপনার কম্পিউটার যদি সকেটে প্লাগ করা অবস্থায় থাকে, তবে বিদ্যুৎ ফিরে আসার পর এটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এনগ্যাজেট।

অনেকেই মনে করেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়াটাই ডিভাইসটিকে সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট, কিন্তু বিষয়টি তা নয়। বন্ধ অবস্থাতেও একটি কম্পিউটার বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং বা সংযোগের সঙ্গেই যুক্ত থাকে, আর এ সংযোগের মাধ্যমেই মূল ক্ষতিটি হয়।

বিশেষ করে কম্পিউটার অত্যন্ত সংবেদনশীল, কারণ এর মাদারবোর্ড, র‍্যাম ও এসএসডির মতো অভ্যন্তরীণ অংশগুলোর সূক্ষ্ম সার্কিট হঠাৎ ভোল্টেজ পরিবর্তনের কারণে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঝুঁকির মাত্রা অনুধাবন করা: গ্রিডে চাপ পড়া, যন্ত্রাংশের ত্রুটি কিংবা সার্কিট ব্রেকার ট্রিপ করার কারণে যখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়, তখন পুরো সিস্টেমটি যে বন্ধ হয় তা না। বিদ্যুৎ চলে যাওয়ার ঠিক আগের এবং আসার ঠিক পরের মুহূর্তগুলোতে ভোল্টেজে তীব্র ওঠানামা ঘটে।

পুনরায় বিদ্যুৎ আসার পর যে ‘সার্জ’ (হঠাৎ বিদ্যুৎপ্রবাহ বৃদ্ধি) তৈরি হয়, তা মূল বিদ্যুৎ বিভ্রাটের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। যুক্তরাষ্ট্রে সাধারণ গৃহস্থালি সার্কিট ১২০ ভোল্টে পরিচালিত হয়; এ মাত্রার চেয়ে সামান্য বেশি ভোল্টেজের স্পাইক বা আকস্মিক বৃদ্ধিই কম্পিউটারের সংবেদনশীল যন্ত্রাংশ চিরতরে নষ্ট করার জন্য যথেষ্ট।

তাই নিজের কম্পিউটার সুরক্ষিত রাখার বিষয়ে জানা থাকলে সুরক্ষার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত খরচ, তথ্য হারানো এবং নতুন পার্টস খোঁজার বাড়তি ঝামেলা থেকে রেহাই পাওয়া সম্ভব।

পিসি শুধু বন্ধ রাখাই যথেষ্ট নয়: ঝড় বা বিদ্যুৎ বিভ্রাটের আগেই কম্পিউটার বন্ধ করে থাকলেও সেটি শতভাগ নিরাপদ নয়। কম্পিউটার পুরোপুরি বন্ধ থাকা সত্ত্বেও ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ প্রবেশ করতে পারে এবং সংযোগ আসার সঙ্গে সঙ্গেই তা অভ্যন্তরীণ যন্ত্রাংশ পর্যন্ত পৌঁছে যায়।

পাওয়ার সার্জ বা বিদ্যুৎপ্রবাহের হঠাৎ বৃদ্ধিই এ ধরনের ক্ষতির মূল কারণ। বজ্রপাত বা কাছের বিদ্যুৎ লাইনে কোনো ত্রুটি দেখা দিলে এ ধরনের ঘটনা ঘটে। কোনো বজ্রপাত সরাসরি আপনার বাড়িতে আঘাত না করলেও, তা স্থানীয় ট্রান্সফরমারের মাধ্যমে বাড়ির ইলেকট্রিক ওয়্যারিংয়ে উচ্চমাত্রার সার্জ পাঠাতে পারে।

আবার বিদ্যুৎ বিভ্রাটের পর পুরো গ্রিড যখন পুনরায় সচল হয়, তখন সেখানে বাড়তি ভোল্টেজ স্পাইক তৈরি হয়। ফলে বিদ্যুৎ ফিরে আসার পরও বিপদ কেটে যায় না।

তাছাড়া পিসি চালু থাকা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তার নিজস্ব কিছু জটিলতা তৈরি হয়। কোনো ফাইল সেভ বা আপডেট হওয়ার মুহূর্তে সংযোগ কেটে গেলে ডেটা করাপ্ট বা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বিশেষ করে ওএস (অপারেটিং সিস্টেম) আপডেটের সময় ঘটলে পুরো সিস্টেম অচল হয়ে পড়তে পারে। মেকানিক্যাল হার্ডডিস্ক থাকলে হঠাৎ পিসি বন্ধ হওয়ার কারণে এর হেডও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিদ্যুৎ বিভ্রাটের সময় যেভাবে কম্পিউটার সুরক্ষিত রাখবেন: ঝড়-বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার আভাস পেলে কম্পিউটার সঠিকভাবে শাটডাউন করে সকেট থেকে আনপ্লাগ করে দিতে হবে। আর যদি বিদ্যুৎ আগেই চলে যেয়ে থাকে, তবুও প্লাগ খুলে রাখা বুদ্ধিমানের কাজ হবে। একই সঙ্গে রাউটারের প্লাগও খুলে রাখুন, কারণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেসব ডিভাইস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে রাউটার অন্যতম। এমনিতেও নিয়মিত রাউটার রিস্টার্ট দেওয়া ভালো, তাই এটি আনপ্লাগ করলে কোনো ক্ষতি হবে না। পাশাপাশি টিভি বা অন্যান্য দামী ইলেকট্রনিক্স সরঞ্জামও আনপ্লাগ করে রাখা ভালো।

ডেক্সটপ কম্পিউটারের ক্ষেত্রে ‘পাওয়ার সাপ্লাই ইউনিট' এর সুইচ বন্ধ করা কিছুটা সাহায্য করতে পারে, কারণ এতে সিস্টেমে বিদ্যুৎ প্রবেশ বাধা পায়। তবে বজ্রপাতের মতো অতিমাত্রার কোনো ঘটনা ঘটলে তাও যথেষ্ট নাও হতে পারে। এক্ষেত্রে ভালো মানের সার্জ প্রটেক্টর ব্যবহার করা অনেক বেশি কার্যকর। একটি মানসম্মত সার্জ প্রটেক্টর প্রথম প্রতিরক্ষা ব্যুরো হিসেবে কাজ করে এবং ক্ষতিকর ভোল্টেজ স্পাইক কম্পিউটারে পৌঁছানোর আগেই তা শোষণ করে নেয়।

আরও ভালো সুরক্ষার জন্য একটি ইউপিএস ব্যবহার করতে পারেন। একটি আনইন্টারেপ্টেবল পাওয়ার সাপ্লাই সার্জ প্রটেকশনের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ সরবরাহ করে। যদিও এটি পিসিকে দীর্ঘ সময় চালু রাখার জন্য তৈরি নয়, তবে স্বল্পস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি কম্পিউটার বন্ধ হতে দেয় না। ফলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার বদলে আপনি কাজ সেভ করে নিরাপদে পিসি শাটডাউন করার সময় পান। পুরো বাড়ির নিরাপত্তার জন্য একজন পেশাদার ইলেকট্রিশিয়ান দিয়ে মূল ইলেকট্রিক্যাল প্যানেলে সার্জ প্রটেকশন সিস্টেম ইনস্টল করিয়ে নিতে পারেন, যা বাড়ির প্রতিটি আউটলেটকে সুরক্ষিত রাখবে।

বিদ্যুৎ ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাড়াহুড়ো করে সব ইলেকট্রনিক্স প্লাগ-ইন করবেন না। বিদ্যুৎ পুনরায় চলে যায় কি না তা পর্যবেক্ষণ করতে কয়েক মিনিট অপেক্ষা করুন। সংযোগ স্থিতিশীল হলে প্রথমে সার্জ প্রটেক্টর প্লাগ-ইন করুন, তারপর পিসি এবং অন্যান্য ডিভাইস সংযুক্ত করুন।

বিদ্যুৎ বিভ্রাটের সময় পিসি আনপ্লাগ করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তবে ডিভাইসের সুরক্ষায় এটি অন্যতম সেরা পদক্ষেপ। সার্জ প্রটেক্টর বা ইউপিএস-এর সঙ্গে এ অভ্যাসের সমন্বয় ঘটালে হার্ডওয়্যার ড্যামেজ এবং ডেটা লসের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

এএইচ