এআই ডাটা সেন্টার তৈরিতে বড় বিনিয়োগ করছে টিসিএসের সহযোগী প্রতিষ্ঠান

পরাশক্তি টাটা কনসালটেন্সি সার্ভিসেস
পরাশক্তি টাটা কনসালটেন্সি সার্ভিসেস | ছবি: সংগৃহীত
0

তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক পরাশক্তি টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) সহযোগী প্রতিষ্ঠান ‘হাইপারভল্ট’ ভারতে একটি সুবিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডাটা সেন্টার ক্যাম্পাস তৈরির ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অংশীদারদের সঙ্গে যৌথভাবে তেলেঙ্গানা রাজ্যে নির্মিতব্য এ ১ গিগাওয়াট সক্ষমতার প্রকল্পে সংস্থাটি সর্বমোট ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি রুপি (প্রায় ৭.৪১ বিলিয়ন মার্কিন ডলার / আনুমানিক ৮৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে।

শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের প্রাথমিক কাজ হিসেবে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে ইতোমধ্যে ২৬৪ একর জমি অধিগ্রহণ করেছে হাইপারভল্ট। কয়েক ধাপে এই বৃহৎ পার্কটির উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

মূলত বিশ্বমানের এআই প্রতিষ্ঠান এবং হাইপারস্কেলারদের চাহিদার কথা মাথায় রেখেই এই ডাটা সেন্টারটি ডিজাইন করা হচ্ছে। এটি এআই ট্রেনিং এবং ইনফারেন্সিংয়ের জন্য উচ্চ-ঘনত্বের জিপিইউ প্রযুক্তি ব্যবহারে সার্বিক সুবিধা প্রদান করবে।

হাইপারভল্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্মাণকাজ পুরোপুরি শেষ হলে এটিই হবে ভারতের সর্ববৃহৎ এআই অবকাঠামোগুলোর অন্যতম।

এ মেগা উদ্যোগ সম্পর্কে টিসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে কৃতীভাসান জানান, বিশ্বজুড়ে বিস্তৃত তাঁদের গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষ মানবসম্পদের দারুণ সমন্বয় উপহার দিয়েছে হায়দরাবাদ।

উলে্লখ্য, প্রথাগত আইটি সেবার গণ্ডি পেরিয়ে বৈশ্বিক বাজারে নিজেদের ব্যবসার বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছে টিসিএস। এর অংশ হিসেবে সম্প্রতি বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পর্শে এজির অটোমোটিভ ও পরামর্শক বিভাগ ‘এমএইচপি’ অধিগ্রহণের চুক্তি সম্পাদন করে সংস্থাটি। এর পরপরই বিশাল অঙ্কের এ নতুন ডাটা সেন্টার তৈরির ঘোষণা সামনে এলো।

এএইচ