সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত

সোফা কারখানায় আগুন
সোফা কারখানায় আগুন | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। ৩ জন নাটোরের। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় রোববার, দুপুরে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়। তবে মৃতদেহ শনাক্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা নিশ্চিত নয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

রোববার রাতে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, আগুনে পুড়ে মৃতদেহগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়েছে।

সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ রেজায়ে রাব্বী বলেন, ‘মরদেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে আসলে শনাক্ত করা কঠিন যে কয়জন মারা গেছে, কারা কারা মারা গেছে। তো স্থানীয় যে সেখানকার লোকাল যারা আছে এদের আমরা সহায়তা নিয়ে ডেড বডি শনাক্ত করতে হবে। শনাক্ত করা গেলে তখন বলা যাবে যে আসলে একদম এক্স্যাক্ট কে কে মারা গেছেন, কয়জন মারা গেছেন।’

ঘটনার পর মন্ত্রণালয় থেকে লিখিত এক বিবৃতিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনার পর সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিহতদের পরিচয় নিশ্চিত এবং মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

ইএ