আজ (রোববার, ৭ জুন) কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এরই মধ্যে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে শুরু করেছে। আগামী ৬ থেকে ৭ দিন কক্সবাজারে কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সাগর উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে এ বৃষ্টিপাত কৃষি ও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
এদিকে কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। বর্ষার প্রথম ধাপের বৃষ্টিতে কক্সবাজারের পাহাড়, বনাঞ্চল ও সমুদ্রসৈকত নতুন রূপে সেজে উঠতে শুরু করেছে।
স্থানীয়রা বলছেন, বর্ষার এই বৃষ্টি যেমন গরম থেকে স্বস্তি এনে দিয়েছে, তেমনি প্রকৃতিতেও যোগ করেছে প্রাণের ছোঁয়া।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে।





