সাড়ে পাঁচ মাস পর আবারও কক্সবাজার সৈকতে লাল পতাকা উত্তোলন

কক্সবাজার সৈকতে লাল পতাকা উত্তোলন
কক্সবাজার সৈকতে লাল পতাকা উত্তোলন | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ৫ মাস ২১ দিন পর আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে বিপজ্জনক এলাকা নির্দেশক লাল পতাকা উত্তোলন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) বিকেলে সরেজমিনে সৈকতের কলাতলী, লাবণী ও সুগন্ধা পয়েন্টে এ চিত্র দেখা যায়।

সংশ্লিষ্টরা জানান, হঠাৎ বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে বিকেলের দিকে সি সেইফ লাইফগার্ড সদস্যরা সমুদ্রকে গোসলের জন্য অনিরাপদ ঘোষণা করে লাল-হলুদ পতাকার পরিবর্তে লাল পতাকা টাঙান। এর আগে গত ৭ নভেম্বর দীর্ঘ সময় পর সৈকতে লাল পতাকার পরিবর্তে লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছিল, যা তুলনামূলক নিরাপদ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছিল।

লাবণী পয়েন্টে দায়িত্বরত সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ শুক্কুর বলেন, ‘দুপুর পর্যন্ত সমুদ্র স্বাভাবিক ছিলো। তবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে সাগর উত্তাল হয়ে ওঠে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সঙ্গে সঙ্গে লাল পতাকা উত্তোলন করা হয়েছে।’

সি সেইফ লাইফগার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ জানান, বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকলে সৈকতে গর্ত ও ক্যানেল সৃষ্টি হয়, যা পর্যটকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘নির্ধারিত পতাকা জোনের বাইরে কোথাও গোসলে নামা যাবে না। যেখানে লাইফগার্ড সেবা রয়েছে, সেখানেই নামতে হবে।’

আরও পড়ুন:

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সৈকতে পর্যটকের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। অনেকেই সমুদ্রে নামা থেকে বিরত থাকেন। পর্যটকরা জানান, দুপুরের পর হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে পড়ে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ দুপুর থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই দিনে সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকায় বজ্রপাতে এক লবণ চাষির মৃত্যু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজসহ টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে লাল পতাকা টাঙানো অবস্থায় সমুদ্রে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে। লাইফগার্ডরা জানান, বৈরী আবহাওয়ায় ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, তাই নিরাপদ ভ্রমণের জন্য নির্দেশনা মেনে চলা জরুরি।

এফএস