মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: সংগৃহীত
0

চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আজ (রোববার, ১ মার্চ) প্রকাশিত মার্চ মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে।

মার্চ মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় এবং এক থেকে দুদিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। নদ-নদীর অবস্থার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে।

কৃষি সম্পর্কিত পূর্বাভাসে জানানো হয়েছে, মার্চে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধি পাবে; যা ফসলের জন্য বাড়তি সেচের প্রয়োজন তৈরি করতে পারে। আবহাওয়া অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে।

এএইচ