আবহাওয়া অফিস জানায়, একটি পশ্চিমা লঘুচাপ দেশে প্রবেশ করার কারণে এর প্রভাবে কিছুদিন দেশের উত্তরভাগে বৃষ্টিপাত হয়েছে, যা ধীরে ধীরে কমে আসছে। মূলত সেই লঘুচাপের আস্তে আস্তে সরে আসার কারণেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এতো বৃষ্টিপাত হচ্ছে।
আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালে ঢাকার আকাশে যে মেঘ ছিল এখন তা নারায়ণগঞ্জ ও নরসিংদীর দিকে সরে গেছে।
এই মেঘমালার প্রভাবে উল্লেখ্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘আজকের বৃষ্টিপাতের ব্যাপ্তি ঢাকা ও আশপাশের মধ্যেই সীমাবদ্ধ থাকার একটি কারণ হলো, বৃষ্টিপাতের উৎস ছিলো ঢাকার জাজিরা পয়েন্ট। মূলত সেখানে ঘনীভূত মেঘমালার কারণে সকাল থেকে এ বৃষ্টিপাতের সূচনা।’
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকার মধ্যে কক্সবাজার ব্যতীত অন্য উপকূলীয় এলাকা যেমন নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনায় বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে ফেনী এবং উত্তর চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে।’
এই লঘুচাপের প্রভাব কেটে যাওয়া পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৌসুমি বায়ু উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরো অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। যার প্রভাবে আগামী ২৫ থেকে ২৬ মে নাগাদ দেশের কোস্টাল বেল্ট, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।’—বাসস

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



