ক্যাডেট কলেজগুলোতে ফেল করেনি কেউ, জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন

ক্যাডেট কলেজগুলোর লোগো
ক্যাডেট কলেজগুলোর লোগো | ছবি: বাসস
0

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন।

আজ (সোমবার, ১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে ক্যাডেট কলেজগুলোর পাশের হার দাঁড়িয়েছে শতভাগ। আর জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮ দশমিক ২২ শতাংশ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশের ক্যাডেট কলেজগুলো পরিচালিত হয়। আবাসিক এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।

ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেয়া হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্যাডেটদের যোগ্য করে তুলতে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত করা হচ্ছে।

ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি এবং ক্যাডেটদের নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও আন্তরিক প্রচেষ্টা।

এছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা, অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতাও এবারের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসএস