আন্দোলনের মুখে রাবিপ্রবি ভিসি প্রত্যাহার, নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন

আতিয়ার রহমান (বামে), জয়নুল আবেদীন সিদ্দিকী (ডানে)
আতিয়ার রহমান (বামে), জয়নুল আবেদীন সিদ্দিকী (ডানে) | ছবি: সংগৃহীত
0

ছাত্রদলের আন্দোলনের মুখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) শুরু শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি রাবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ পান চবির ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান।

তবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে গেল ৫ মে ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শাখা ছাত্রদল। অন্যথায় কঠোর কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি।

চলমান এই কর্মসূচির মধ্যেই ৯ দিনের মাথায় আজ অধ্যাপক ড. আতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে ভিসি পদে নিয়োগের ৪৯০ দিনের মাথায় অপসারণ হলেন এই অধ্যাপক।

আরও পড়ুন:

প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ৫ মে ভিসির বিরুদ্ধে লিখিত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্নব, সদস্যসচিব জিসান আহমেদ। এসময় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জয়, সাম শাহারিয়ার, সাজ্জাদ হোসেন তুসার, মো. সাঈদসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতাদের অভিযোগ- ভিসি ড. আতিয়ার রহমান যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক ও রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন। মেধা ও যোগ্যতাকে পদদলিত করে নিয়োগ জালিয়াতি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম ও জুলাই বিপ্লবের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

এছাড়া শিক্ষক নিয়োগ, উন্নয়ন প্রকল্প, বিশ্ববিদ্যালয়ের তহবিল তছরুপসহ ক্ষমতার অপব্যবহার ও জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন ভিসি। ছাত্রদল রাবিপ্রবি শাখা এই দুর্নীতির পাহাড় ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তাই কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে।

এসএস