সম্প্রতি সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে।
উল্লেখ্য, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এরই মধ্যে ১০৩ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করেছে এবং বসবাউবি-প্রাস বিদ্যালয়ের প্রথম নিবন্ধিত প্রাক্তন ছাত্রী সংগঠন হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
এ গুরুত্বপূর্ণ অর্জনের আনন্দ সব প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেয়া এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ বিশেষ আয়োজন করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর শুভ উদ্বোধন, পবিত্র কোরআন তেলাওয়াত, সংগঠনের পটভূমি ও লক্ষ্য উপস্থাপন, প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মেজর প্রফেসর ডা. লায়লা আঞমান বানুর স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষিকাবৃন্দ ও জ্যেষ্ঠ প্রাক্তন ছাত্রীদের সম্মাননা প্রদান, কার্যনির্বাহী কমিটির পরিচিতি এবং বিশেষ অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. কোহিনূর বেগম। এসময় সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সেক্রেটারি প্রফেসর সায়মা ডেইজি।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত পিটিআই ইনস্ট্রাক্টর রওশান জাহান এবং ডা. সুফিয়া বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও পরিচালক।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশে অবস্থানরত স্বনামধন্য, কৃতী ও প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রীরা অংশগ্রহণ করেন। এসময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যভুক্তি কার্যক্রম, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রাক্তন ছাত্রীদের সক্রিয় সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়।
দুপুরে কেক কেটে সংগঠনের শুভ সূচনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রফেসর ডা. সামসুন নাহার রেনুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বসবাউবি-প্রাস-এর নেতারা বলেন, ‘এ আয়োজন প্রাক্তন ছাত্রীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’





