ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, জুলাইয়ে আদায় মাত্র ৮৯ কোটি

ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক বাণিজ্যে মন্দাভাব ও নানা অভ্যন্তরীণ প্রতিকূলতার মাঝেই চলতি ২০২৬-২৭ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউসের জন্য দুই হাজার ৩৮৩ কোটি টাকার বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে অর্থবছর শুরুর প্রথম মাস জুলাইয়ে এই বন্দর থেকে রাজস্ব আয় হয়েছে মাত্র ৮৯ কোটি টাকা।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, আমদানিকৃত পণ্য থেকেই সিংহভাগ রাজস্ব সংগৃহীত হয়েছে। এর আগে সদ্য সমাপ্ত অর্থবছরে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকট এবং দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে পণ্য আমদানিতে চরম স্থবিরতা দেখা দেয়। ফলে বন্দরটিতে বড় ধরনের রাজস্ব ঘাটতি তৈরি হয় এবং এনবিআরের নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক আদায় থমকে দাঁড়ায়।

বন্দর ব্যবহারকারী স্থানীয় ব্যবসায়ীদের মতে, ভোমরা স্থলবন্দরে সুস্থ ও প্রতিযোগিতামূলক ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি রয়েছে। প্রশাসনিক নানা জটিলতার কারণে অনেক শীর্ষ আমদানিকারক ও ব্যবসায়ী মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে, যা সামগ্রিক রাজস্ব সংগ্রহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন:

সার্বিক বিষয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, ‘ভোমরা বন্দরকে গতিশীল করতে হলে প্রথমেই বিদ্যমান প্রশাসনিক জটিলতাগুলো নিরসন করতে হবে। অন্যান্য স্থলল্যান্ডের সঙ্গে যেসব নীতিগত বৈষম্য রয়েছে তা কমিয়ে এনে ব্যবসায়ীদের আস্থা ফেরাতে না পারলে এনবিআরের এই বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে।’

এদিকে বাণিজ্য সচল করা ও বিদ্যমান সংকট নিরসনে সম্প্রতি ভোমরা কাস্টমস হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন ব্যবসায়ী নেতারা। সভায় ব্যবসায়ীদের অভিযোগ ও দাবির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান। তিনি বিদ্যমান বৈষম্য ও জটিলতাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।

এসএস