আজ (শুক্রবার, ১ মে) সকালে মিয়ানমারের মংডু এলাকা থেকে বোটটি টেকনাফের উদ্দেশে রওনা করে দুপুর দেড়টায় টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।
এসময় স্থলবন্দর পরিদর্শনে আসেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা চাই বৈধ ব্যবসা চালু হোক, যা থেকে রাজস্ব আদায় হবে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দুই মাসের মাথায় আজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে ট্রলার।’
মেসার্স এসআইএস ইন্টারন্যাশনাল মালিক আমদানিকারক সিএন্ডএফ এজেন্ট এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে টেকনাফ স্থলবন্দরে কাঠের বোট পৌঁছেছে। আমরা ব্যবসায়ীরা প্রাণ ফিরে পেয়েছি, পুরোদমে চালু হলে এতদিনের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে।’
আরও পড়ুন:
সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হাছান বলেন, ‘ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্ন সরকার পূরণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে।’
এ বিষয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, দুপুরে কাঠ বোঝাই ট্রলার বন্দরে পল্টনে এসে ভিড়েছে, এতে চম্পাফুল ৫২০ পিস, গর্জন ৪৪৩ পিস, মোট ৯৬৩ পিস কাঠ এসেছে, যা খালাসের জন্যে প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গত ১৪ এপ্রিল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।





