‘জ্বালানি অনিশ্চয়তায়’ নরসিংদীতে বাইক বাজারে ধস, অর্ধেকে নেমেছে বেচাকেনা

নরসিংদীর বাইকের দোকান
নরসিংদীর বাইকের দোকান | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে ‘তৈরি হওয়া অনিশ্চয়তার’ ঢেউ এসে লেগেছে দেশের স্থানীয় বাজারেও। নরসিংদীতে মোটরসাইকেল বেচাকেনা ও সারাইয়ের কাজ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ; বিপাকে পড়েছেন জেলার প্রায় অর্ধলক্ষ মানুষ।

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহ ধরে মোটরসাইকেলের শোরুম ও গ্যারেজগুলোতে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাশাইল, ভেলানগরসহ বিভিন্ন এলাকার শোরুমগুলোতে আগের মতো ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রত্যাশিত বিক্রি হয়নি; লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২০ শতাংশ কম বেচাকেনা হয়েছে। আর স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি কমেছে গড়ে প্রায় ৫০ শতাংশ।

একজন শোরুম মালিক বলেন, ‘ঈদের সময় আমাদের যে লক্ষ্য ছিল, তা তেলের সংকটের কারণে পূরণ হয়নি।’

আরও পড়ুন:

শুধু বিক্রি নয়, গ্যারেজ ও সার্ভিস সেন্টারগুলোর কাজও কমে গেছে। নতুন বাইকের ক্রেতা কমে যাওয়া এবং পুরোনো বাইক চালাতে সমস্যার কারণে সারাইয়ের কাজও প্রায় অর্ধেকে নেমেছে। কোনো কোনো গ্যারেজে কাজ না থাকায় সাময়িকভাবে তালা ঝুলতে দেখা গেছে।

গ্যারেজ সংশ্লিষ্টরা জানান, আগে যেখানে সারাদিন ব্যস্ততা থাকত, এখন তেলের সংকটের কারণে কাজ কয়েকগুণ কমে গেছে। আয় কমে যাওয়ায় অনেকেই আর্থিক চাপে পড়েছেন।

সংশ্লিষ্টদের মতে, নরসিংদীতে প্রায় ৫০ হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে মোটরসাইকেল বেচাকেনা ও সারাইয়ের সঙ্গে যুক্ত। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

জেআর