Recent event

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী রাস আল খাইমাহ চেম্বার

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল ও মোহাম্মেদ আলী আল নুয়াইমির সাক্ষাৎ
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল ও মোহাম্মেদ আলী আল নুয়াইমির সাক্ষাৎ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ‘রাস আল খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। চেম্বার চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি রাস আল খাইমাহতে ব্যবসা পরিচালনার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে আমিরাতে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেড ফেয়ার ও ব্যবসায়ী সম্মেলনে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের অনুরোধ জানান।

গতকাল (সোমবার, ১২ মে) দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান রাস আল খাইমাহ চেম্বারের চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে সাক্ষাৎ করেন। 

এ সময় চেম্বার চেয়ারম্যান আমিরাতের উন্নয়ন কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। 

তিনি বাংলাদেশ ও রাস-আল-খাইমাহ’র ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তার চেম্বারের সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। 

সাক্ষাৎকালে বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বাংলাদেশের সিরামিক শিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানী, পাটশিল্প, কৃষিজাত পণ্য ও হালাল মাংস প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে আমিরাতি ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান। পাশাপাশি চেয়ারম্যান নুয়াইমিকে তার নেতৃত্বে রাস আল খাইমাহ হতে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

এর আগে কনসাল জেনারেল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। 

রাস আল খাইমাহর ব্যবসায়ীদের বাংলাদেশে বিদ্যমান ব্যবসাবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বিনিয়োগের লক্ষ্যে চেয়ারম্যান নুয়াইমির দৃষ্টি আকর্ষণ করেন। 

রাস আল খাইমাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আরএকে চেম্বারের এ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র ইকোনোমিষ্ট আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান সহ চেম্বারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ