দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন

শামস সুমন
শামস সুমন | ছবি: সংগৃহীত
1

দেশের দর্শকপ্রিয় অভিনেতা ও ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ শামস সুমন (৫৮) মারা গেছেন। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এক সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শামস সুমন মঞ্চ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন। পরবর্তীতে ছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সমানভাবে কাজ করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে টেলিভিশন নাটকে খুব একটা দেখা যাচ্ছিল না।

অভিনয়ের পাশাপাশি তিনি বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন:

শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’র সদস্য ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন দীর্ঘদিন। তার জন্ম ২ মার্চ, ১৯৬৮। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ে ছাত্র ছিলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮) এবং হ্যালো অমিত (২০১২)।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এনএইচ