পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তায় মিললো ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

গাঁজাসহ গ্রেপ্তার ২ যুবক
গাঁজাসহ গ্রেপ্তার ২ যুবক | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তার ভেতরে ১২ কেজি গাঁজা বহনকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে জেলার বোদা উপজেলা সদরের বাইপাস মোড়ের মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেনপাড়া এলাকার হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩)। তারা দু’জনই বোদা উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা। পরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঠাকুরগাঁও থেকে একটি মোটরসাইকেলে করে পুরনো কাপড়ের বস্তার মধ্যে অভিনব কৌশলে গাঁজা নিয়ে উপজেলার সাকোয়া এলাকার দিকে যাচ্ছেন দুই মাদক ব্যবসায়ী। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সড়কে অবস্থান নেয়।

এরপর সামনে আসা মাত্রই তাদের আটকে কাপড়ের বস্তা তল্লাশি করলে ১ কেজির ১২টি গাঁজার পোটলা পাওয়া যায়, গ্রেপ্তার করা হয় হৃদয় ও মহেনকে। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বোদা থানায় মামলা হয়েছে।

এসএইচ