গতকাল (মঙ্গলবার, ১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরের ওই কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে এসব ত্রাণের মালামাল উদ্ধার করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শ্রীপুরের ওই বিল্ডিংএ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী আবদুল বাকের এর বাসা থেকে ১০ বস্তা ত্রাণ ও ৩ বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়।
পরে বস্তাগুলোতে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট (২০০ গ্রাম করে) হলুদের গুঁড়া, ৩২ প্যাকেট (১০০ গ্রাম করে) মরিচের গুঁড়া এবং ৩১ প্যাকেট (১০০ গ্রাম করে) ধনিয়া গুঁড়া পাওয়া গেছে।
আরও পড়ুন:
জানা যায়, ২০২৪ সালের তিনি ফুলগাজীতে কর্মরত থাকলেও বর্তমানে নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত আছেন। তবে তার পরিবার এখানেই বসবাস করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, ‘উদ্ধারকৃত মালামালগুলো এখন থানা হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পণ্যগুলো ২০২৪-২৫ সালের বন্যার সময় ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল।’





