শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। গুলিতে তার কোমর বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ৮-১০ জন ব্যক্তি করিমনগর এলাকায় শিমুলদের বাড়িতে যান। তারা শিমুলের ছেলে হৃদয়কে খুঁজছিলেন। বাড়িতে হৃদয়কে না পেয়ে তারা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরে লাগে।
গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন শিমুলকে হাসপাতালে নিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে ওই ব্যক্তিদের কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।





