বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্টে ভারতগামী যাত্রীকে তল্লাশি, ২টি স্বর্ণবার উদ্ধার

উদ্ধারকৃত স্বর্ণবারগুলো
উদ্ধারকৃত স্বর্ণবারগুলো | ছবি: এখন টিভি
0

যশোরের বেনাপোলের বহির্গমন যাত্রী এলাকায় তল্লাশি চালিয়ে মো. মোবারক হোসেন নামের এক ভারতগামী যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস।

গতকাল (বুধবার, ৫ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক চেকপোস্ট, বেনাপোলের বহির্গমন যাত্রী এলাকায় নজরদারিকালে ওই যাত্রীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।

কাস্টমস জানায়, সন্দেহভাজন ভারতগামী যাত্রী মো. মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে ৫০ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার প্যান্টের পেছনের পকেটে থাকা একটি মিনি ওয়ালেট টিস্যু প্যাকেটের ভেতরে লুকানো স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

কাস্টমস আরও জানায়, উদ্ধারকৃত স্বর্ণবারের মোট ওজন ১০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৮ হাজার টাকা। পরবর্তীতে শরীরে অন্য কোনো স্বর্ণ বা ধাতব বস্তু লুকানো আছে কি না, তা নিশ্চিত করতে এক্স-রে পরীক্ষা করা হলে অতিরিক্ত কিছু পাওয়া যায়নি।

জব্দকৃত স্বর্ণবার কাস্টমস হাউস বেনাপোলের মূল্যবান শুল্ক গুদামে ও আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় সংস্থাটি।

এছাড়া বাংলাদেশ হতে ভারতে স্বর্ণবার পাচারের চেষ্টার অপরাধে কাস্টমস আইন, ২০২৩ ও অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় বেনাপোল পোর্ট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

এসএইচ