ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় গরু-মোটরসাইকেলসহ চোরাই পণ্য জব্দ

মোটরসাইকেলসহ জব্দকৃত চোরাই পণ্য
মোটরসাইকেলসহ জব্দকৃত চোরাই পণ্য | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় গরুসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) সকাল ১০টা থেকে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত দুই জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এ সব অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা ও মাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে পৃথক অভিযান পরিচালনা করে।

এ সব অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল, বাসমতি চাল, এনার্জি ড্রিংক, অলিভ অয়েল, ইজিবাইক এবং সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ ৩৮ হাজার ৯৫০ টাকা।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অত্র ব্যাটালিয়ন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

এএইচ