আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এ তথ্য নিশ্চিত করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৮ কেজি ২০০ গ্রাম তামার তার উদ্ধার করা হয়।
এদিন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি ওই তার চুরি করেন। পরে গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করে দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে চকবাজার থানার হোসেনী দালান রোডের একটি ভাঙারির গুদাম থেকে চুরি হওয়া তারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত।
আরও পড়ুন:
আজকের ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, ঈদুল আজহার ছুটিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বড় কোনো বিশৃঙ্খলা না হলেও কিছু বিচ্ছিন্ন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাই ঠেকানো যাচ্ছে না—এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, ‘যেখানেই ঘটনা ঘটছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। যেমন মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটকসহ লাগেজ ও পিকআপ উদ্ধার করা হয়েছে।’
ডিএমপি কমিশনার জানান, গত এক মাসে ৬৫৮ জন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে মোট ২ হাজার ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় সেবা দিতে কোনো কর্মকর্তা গড়িমসি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ৫৭টি পয়েন্টে ৭০টি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল সীমিত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।





