নারায়ণগঞ্জে গরুর হাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

উদ্ধারকৃত মরদেহ
উদ্ধারকৃত মরদেহ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নাম্বার ঢাকেশ্বরী এলাকার অস্থায়ী গরুর হাট থেকে ঝুলন্ত অবস্থায় মো. মিরাজ হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরাজ নাসিক ১০ নাম্বার ওয়ার্ডের মোক্তার হোসেনের ছেলে। নিহতের পরিবার এটিকে হত্যা বলে দাবি করছে।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ভোরে গরুর হাটে মিরাজের মরদেহ বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

নিহতের পরিবারের সদস্যর জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গরুর হাটে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহটি ঝুলতে দেখে তাদের খবর দেয়। পরে ঘটনাটি পুলিশকে জানালে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

নিহতের খালাতো বোন জান্নাতুল বলেন, ‘মিরাজ বিভিন্ন ধরনের কাজ করতেন। বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তাকে মেরে হয়তো কেউ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমরা এর সঠিক তদন্ত দাবি করছি।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় রশির দাগ ছিলো। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ