বরগুনায় সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন গ্রেপ্তার

আনোয়ার হোসেন আকন
আনোয়ার হোসেন আকন | ছবি: এখন টিভি
0

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল (রোববার, ২৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন আনোয়ার হোসেন আকন। বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি বরগুনা সদর থানা হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন:

ডিবি পুলিশ জানায়, রাজনৈতিক মামলার পাশাপাশি সাবেক এ মেয়রের বিরুদ্ধে পাথরঘাটা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে।

এ অর্থ আত্মসাতের অভিযোগে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান আছে। স্থানীয় দু’জন ঠিকাদার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন, যা বর্তমানে বিভিন্ন তদন্ত সংস্থা খতিয়ে দেখছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, গ্রেপ্তার আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

এসএইচ