নারকোটিক্স ডগ ‘হেনরি’র তীক্ষ্ণতায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

নারকোটিক্স ডগ ‘হেনরি’র তীক্ষ্ণতায় ইয়াবা উদ্ধার
নারকোটিক্স ডগ ‘হেনরি’র তীক্ষ্ণতায় ইয়াবা উদ্ধার | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় উখিয়া ৬৪ বিজিবির হাতে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক চালক আটক হয়েছেন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত হামিদ হোসেন (১৯) টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়া গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক।

তিনি জানান, সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান।

আরও পড়ুন:

এসময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় সিএনজিটির ব্যাটারির নিচের অংশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো আটটি মিনি কার্টন উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযান চলাকালে সিএনজির চালক হামিদ হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো হ্নীলা থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।

বিজিবি জানায়, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এসএস